রাবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ৫ ফেব্রুয়ারি , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাতটি আবাসিক হল ও কেন্দ্রীয় মসজিদ থেকে পোড়া পবিত্র কোরআন শরিফ উদ্ধারের ঘটনায় এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. ফেরদৌস রহমান ফরিদ ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের মো. মজিবর রহমানের ছেলে। তিনি রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র।
পুলিশের উপকমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ‘কোরআন পোড়ানোর ঘটনায় রাবি প্রশাসন মতিহার থানায় মামলা করেছিল। এর পরিপ্রেক্ষিতে সাইবার ক্রাইম ইউনিট ফেরদৌস রহমান ফরিদ নামের এক শিক্ষার্থীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’
১২ জানুয়ারি রাবির সাতটি আবাসিক হল ও কেন্দ্রীয় মসজিদ থেকে পোড়া পবিত্র কোরআন শরিফ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন।