প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২৪ সেপ্টেম্বর , ২০২৫
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক ব্যবহারের সুযোগ নেই বলে স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের তালিকাভুক্ত প্রতীকের মধ্যে শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ প্রতীক পাবে না বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই। নিয়ম অনুযায়ী তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হবে। তালিকায় না থাকলে শাপলা দেওয়ার প্রশ্নই আসে না।”
এর আগে সোমবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রতীক হিসেবে শাপলা বরাদ্দের দাবি জানান। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, এনসিপি শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক গ্রহণ করবে না। এর প্রেক্ষিতেই মঙ্গলবার কমিশনের অবস্থান স্পষ্ট করে জানানো হলো।
এদিকে নিজেদের দাবি আদায় না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির প্রতীক শাপলাই হতে হবে। অন্য কোনো বিকল্প নেই। না হলে নির্বাচন কীভাবে হয়, আর কে ক্ষমতায় গিয়ে কীভাবে সুবিধা নেয়, সেটাও আমরা দেখে নেব।”
অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল, সুশীল সমাজ, শিক্ষাবিদ, নারী নেত্রী, সাংবাদিক ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, অংশীজনদের মতামতের ভিত্তিতে কমিশন নির্বাচনী প্রস্তুতি আরও সুসংহত করবে।