শাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ১৯ মে , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক শফিকুল ইসলামকে মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৯ মে) সিলেটের কোতোয়ালী থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদি হয়ে মামলা দায়ের করা হয় যেখানে আসামি আছেন রাসেল আহমদ নামের এক ব্যক্তি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, গতকাল (১৮ মে) সিলেটের মাউন্ট এডোরার সামনে শাবি শিক্ষককে হেনস্থা ও মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে একটি মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত রাসেল আহমদকে আসামী করা হয়েছে।
রোববার (১৮ মে) রাত ১০টার দিকে সিলেটের মাউন্ট এডোরার সামনে গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে স্থানীয় রাসেল আহমদ শাবি শিক্ষক শফিকুল ইসলামকে লাঞ্ছিত ও মারধর করে। এর প্রতিবাদে তাৎক্ষণিক সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে সেনাবাহিনী এসে ছাত্রদের সড়ক থেকে সরায়।