ঢাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ৩১ জুলাই , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প’ নামে একটি বৃহৎ প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। একনেক সভায় অনুমোদিত এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮৪০ কোটি টাকা।
প্রকল্পের আওতায় বিদ্যমান একতলা কেন্দ্রীয় জামে মসজিদ ‘মসজিদুল জামিয়া’ ভেঙে আধুনিক সুবিধাসম্পন্ন চারতলা বিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ভবনে থাকবে একটি সেমি বেজমেন্টসহ পাঁচতলা ভিত্তিক কাঠামো।
এ ছাড়া প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে :
- ৬টি একাডেমিক ভবন নির্মাণ
- ২৬০০ ছাত্রী ও ৫১০০ ছাত্রের জন্য মোট ৯টি আবাসিক হল নির্মাণ
- ৯টি হাউজ টিউটর ভবন (ছাত্র ও ছাত্রী হলের জন্য)
- শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ২টি আবাসিক ভবন
- প্রশাসনিক ভবনসহ ৫টি অন্যান্য ভবন
- ৪টি জলাধার সংস্কার ও সৌন্দর্যবর্ধন
- বিদ্যমান সার্ভিস লাইন মেরামত ও সংস্কার
- ১টি খেলার মাঠ উন্নয়ন
- ২টি পাবলিক টয়লেট নির্মাণ
- ২৫৬টি ওয়েস্টবিনসহ ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদটির বিষয়ে জানা গেছে, এটি ১৯৬৬ সালে ৫ বিঘা জমির ওপর নির্মিত হয়। দীর্ঘ ৫৯ বছরেও মসজিদটির কোনো উল্লেখযোগ্য সংস্কার বা আধুনিকায়ন হয়নি। অথচ দেশের বিভিন্ন জেলায় ২০১৮ সাল থেকে ৫৬০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হলেও সেখানে ঢাবির মসজিদের অন্তর্ভুক্তি হয়নি।
তৎকালীন উপাচার্য ড. ওসমান গনি ১৯৬৬ সালের ২০ ডিসেম্বর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর রমজানের এক শুক্রবার প্রথম মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে মসজিদটি চালু হয়। বর্তমানে মসজিদে একসঙ্গে প্রায় আড়াই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
নতুন প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, আবাসন ও ধর্মীয় অবকাঠামোতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে আশা করা হচ্ছে।