চবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ২৪ সেপ্টেম্বর , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন তিন দিন পিছিয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ অক্টোবর। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী।
আগে ঘোষিত সূচি অনুযায়ী ১২ অক্টোবর ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু ছুটির কারণে প্রার্থীরা মাত্র পাঁচ কার্যদিবস প্রচারণার সুযোগ পাবেন বলে শিক্ষার্থী ও প্রার্থীরা নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়টি বিবেচনা করে চবি প্রশাসনের সঙ্গে আলোচনার পর নির্বাচন কমিশন তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
নতুন সূচি অনুযায়ী ১২ থেকে ১৬ অক্টোবর ক্লাস চলবে, তবে সব পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া ভোটের পরদিন ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হবে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে চবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, “পূজার ছুটি আর বিসিএস পরীক্ষার সময়সূচি আগে থেকেই জানা ছিল। তাহলে শুরু থেকেই কেন ১৫ অক্টোবর নির্বাচন নির্ধারণ করা হলো না? রাকসুর মতো চাকসুও পিছিয়ে যাওয়ায় সন্দেহ থেকেই যাচ্ছে। উপরন্তু অনেক বিভাগ ইতোমধ্যে পরীক্ষা রিশিডিউল করেছে, সেগুলো আবারও পরিবর্তন করতে হবে।”