রাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২১ ফেব্রুয়ারি , ২০২৫
ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন মেহেরচণ্ডী এলাকার তুহিন ছাত্রাবাস থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।
বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন মো. সিফাত সিফাতুল্লাহ। বরগুনার বামনা উপজেলার ছনবুনিয়া গ্রামে তিনি পড়তে এসেছিলেন রাজশাহীতে। তাকে উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সিফাতের সহপাঠী হাসিব চৌধুরী জানান, সিফাত কিছুদিন ধরে বিষন্নতায় ভুগছিলেন। কারও সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করেননি।
একই ছাত্রাবাসের থাকা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান বলেন, সিফাত ও অন্য একজন শিক্ষার্থী ছাত্রাবাসের একটি কক্ষে থাকতেন। বিকেলের দিকে সিফাতের রুমমেট বাইরে যান। সন্ধ্যায় ছাত্রাবাসে ফিরে তিনি কক্ষের দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও দরজা খোলেননি। একপর্যায়ে জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঝুলন্ত লাশ দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে মারা গেছেন, সেটি এখনো জানা যায়নি।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, তারা ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না।