শাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ৩০ জানুয়ারী , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) এক হাজার আসন বিশিষ্ট দুইটি ১০ তলা আবাসিক হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ও শাবির সাবেক উপাচার্য অধ্যাপক আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার আগমনের পর কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকেরা সাবেক এই উপাচার্যকে সংবর্ধনা দেন। পরে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিকালে এক হাজার আসন বিশিষ্ট ছেলেদের একটি এবং মেয়েদের একটি আবাসিক হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অধ্যাপক আমিনুল ইসলাম।
মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, “শাবি ক্যাম্পাস আমার কাছে সবচেয়ে প্রিয় ক্যাম্পাস। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ ও দেশের বাইরে থেকে সুনাম অর্জন করে নিয়ে আসছে। বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে গবেষণায় জোর দিতে হবে, শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে।”
শাবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বক্তব্য রাখেন।
এছাড়াও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. নিজাম উদ্দিন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।