জবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ৪ মার্চ , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সম্রাট নামে এক শিক্ষার্থীকে মারধর করেছে পুরান ঢাকার যুবদল নেতা শহীদুল্লাহ্। সম্রাট জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৮ তম ব্যাচের ছাত্র। তাকে ছাড়িয়ে আনতে যাওয়া ইতিহাস বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী হাবিবসহ দুজনকে মারধর করে আটকে রাখার অভিযোগ উঠে।
সোমবার (০৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধোলাইখাল এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জবি শিক্ষার্থী সম্রাট ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলক্রমে নির্মাণাধীন এক ঢালাইয়ের উপরে পা ফেলেন। এতে স্থানীয় কয়েকজন তার ওপর চড়াও হন। একপর্যায়ে ধাক্কা দিলে সম্রাট প্রতিহত করার চেষ্টা করেন। এরপর স্থানীয় লোকজন মিলে সম্রাটকে মারধর শুরু করে। খবর পেয়ে সম্রাট্রর সহপাঠী হাবিবসহ দুইজন ঘটনাস্থলে গেলে তাদেরকেও মারধর করে আটকে রাখা হয়।
জানা যায়, জবি শিক্ষার্থীকে মারধরে স্থানীয় লোকজনের মধ্যে কয়েকজন যুবদলের লোক ছিল। যার নেতৃত্ব দেন শহীদুল হক। তিনি ৩৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও নবাবপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক।
এদিকে, মারধরের ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে জবি শিক্ষার্থীরা একত্র হয়ে পুরান ঢাকার নবাবপুর এলাকার একটি ক্লাব ভাঙচুর করে। রাত ১ টায় ওয়ারী থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের নেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক জানান, ঘটনা শোনা মাত্রই বংশাল, ওয়ারী ও সূত্রাপুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ফোর্স পাঠানোর ব্যবস্থা করেছি। আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়েছে।