প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২৯ মার্চ , ২০২৫
তুরস্কে ভূমিকম্পের পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এই উদ্ধারকারী দল পাঠিয়েছিল বাংলাদেশ- ফাইল ছবি
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের মানবিক ও চিকিৎসা সহায়তা দিতে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি উদ্ধারকারী দল।
শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, রোববার বিশেষ বিমানে দেশটিতে যাবে উদ্ধারকারী দলটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ঔষধ, ত্রাণসামগ্রী, উদ্ধার এবং মেডিকেল সহায়তা প্রদানে বিশেষ বিমানে আগামীকাল রোববার মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।”
শুক্রবার দুপুরে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে গত কয়েকবছর গৃহযুদ্ধের কারণে ইতোমধ্যে বিপর্যস্ত মিয়ানমারের বহু এলাকা। ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ওই ভূমিকম্পে এখন পর্যন্ত ১৬০০ মানুষের নিহতের তথ্য দিয়েছে দেশটির জান্তা সরকার।
ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
আরও পড়ুন:
ভূমিকম্পে কাঁপল ৮ দেশ, যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার আরও ধ্বংসস্তূপ
শুক্রবার দুপুরে রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের ১৭ দশমিক ২ কিলোমিটার দূরে, মাটির ১০ কিলোমিটার গভীরে। দক্ষিণ-পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম ও বাংলাদেশেও সেই কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পে মান্দালয়, সাগাইং এবং ইয়াংগনের পাশাপাশি রাজধানী নেপিদোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে হতাহতের সংখ্যা।
শনিবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সরকারি উদ্যোগের অভাবে অনেক এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকেই ‘খালি হাতে’ উদ্ধার কাজ চালাতে হচ্ছে।
উদ্ধারকাজে যন্ত্রপাতির ভীষণ অভাব, মোবাইল নেটওয়ার্কে বিপর্যয় এবং ধ্বংসপ্রাপ্ত রাস্তাঘাট ও সেতুর কারণে দুরূহ হয়ে পড়েছে উদ্ধারকাজ।