প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ২০ জানুয়ারী , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়
ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন আয়োজনে তিনটি পৃথক কমিটি গঠন করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়
প্রশাসন।
ডাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজন, নির্বাচনের আচরণবিধি প্রণয়ন, সংশোধন এবং ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন করার বিষয়ে পৃথক এসব কমিটি কাজ করছে বলে সোমবার
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নির্দেশনা অনুযায়ী এসব কমিটি গঠন করা হয়। কমিটিগুলো ইতোমধ্যেই কাজ শুরু করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আয়োজনে বিষয়ে পরামর্শ করতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশাকে যুগ্ম আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
এর আগে, ডাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি প্রণয়ন বা সংশোধনের জন্য প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যেই একটি সভা করেছে।
এছাড়া, ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন বা পরিমার্জন করার বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হককে আহ্বায়ক করে পৃথক একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির পক্ষ থেকে বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীর কাছ থেকে সংশোধন প্রস্তাবনা চাওয়া হয়েছে। বেশকিছু প্রস্তাবনা পাওয়া গেছে। প্রাপ্ত প্রস্তাবগুলো সমন্বয় করার কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।