ঢাবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ২২ আগস্ট , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসজুড়ে চলছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে রাত অবধি প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে মতামত নিচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা ধরনের প্রচার চালাচ্ছেন তারা। পাশাপাশি নির্বাচনী ইশতেহার প্রণয়নের জন্য শিক্ষার্থীদের মতামত সংগ্রহ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেন। এতে দেখা যায়, ডাকসুর সহসভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৮ জন প্রার্থী বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। ভিপি পদে ৪৩ জন ছাত্র ও পাঁচজন ছাত্রী রয়েছেন। জিএস পদে ছাত্র ১৮ জন ও ছাত্রী একজন, আর এজিএস পদে ২৪ জন ছাত্র ও চারজন ছাত্রী প্রার্থী হয়েছেন।
ড. জসীম উদ্দিন জানান, এবার ডাকসুর মোট ২৮টি পদের জন্য ৪৬২ জনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪০২ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রী। তবে ৪৭ জনের প্রার্থিতা ত্রুটিপূর্ণ কাগজপত্রের কারণে স্থগিত রাখা হয়েছে। তাদের ভোটার নাম্বার, রেজিস্ট্রেশন ত্রুটি, নামের বানান ভুল, অভিভাবকের নাম ভুল অথবা স্বাক্ষরে গরমিল ছিল। আগামী ২৩ আগস্ট পর্যন্ত তারা আপিলের সুযোগ পাবেন।
বিভিন্ন সম্পাদক পদে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী বৈধ হয়েছেন। মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক পদে ১৫ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১১ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে নয়জন, সমাজসেবা সম্পাদক পদে ১৩ জন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে ১১ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ১১ জন, সাহিত্য সম্পাদক পদে ১৯ জন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে ১৫ জন প্রার্থী মনোনয়ন পেয়েছেন।
এছাড়া কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন এবং ছাত্র পরিবহণ সম্পাদক পদে নয়জন প্রার্থী রয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে মোট ২১৫ জন বৈধ হয়েছেন, যার মধ্যে ১৯১ জন ছাত্র ও ২৪ জন ছাত্রী।
নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ হবে ২৬ আগস্ট বিকাল ৪টায়। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।
এদিকে নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, কোনো প্রার্থী আজ (২১ আগস্ট) থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সেবামূলক কাজে অংশ নিতে পারবেন না, অর্থ বা উপঢৌকন বিতরণ করতে পারবেন না কিংবা আপ্যায়নের আয়োজন করতে পারবেন না। এসব কার্যক্রম সরাসরি আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
নয়টি প্যানেলে হবে ডাকসু নির্বাচন
এবার মোট নয়টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা করা হয়। এতে জিএস পদে আল সাদী ভুঁইয়া ও এজিএস পদে জাহেদ আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এর আগে আটটি প্যানেল ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে—
ছাত্রদল : ভিপি পদে মো. আবিদুল ইসলাম খান, জিএস পদে শেখ তানভীর বারী হামিম ও এজিএস পদে তানভীর আল হাদী মায়েদ।
বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ (গণতান্ত্রিক ছাত্র সংসদ) : ভিপি পদে আব্দুল কাদের, জিএস পদে আবু বাকের মজুমদার ও এজিএস পদে আশরেফা খাতুন।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট (ছাত্রশিবির) : ভিপি পদে আবু সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ, এজিএস পদে মহিউদ্দিন খান।
প্রতিরোধ পর্ষদ (গণতান্ত্রিক ছাত্রজোট) : ভিপি পদে শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস পদে মেঘমল্লার বসু ও এজিএস পদে জাবির আহমেদ জুবেল।
ডাকসু ফর চেঞ্জ (ছাত্র অধিকার পরিষদ) : ভিপি পদে বিন ইয়ামিন মোল্লা, জিএস পদে সাবিনা ইয়াসমিন ও এজিএস পদে রাকিবুল ইসলাম।
ইসলামী আন্দোলন : ভিপি পদে ইয়াছিন আরাফাত, জিএস পদে খায়রুল আহসান মারজান ও এজিএস পদে সাইফ মোহাম্মদ আলাউদ্দিন।
সমন্বিত শিক্ষার্থী সংসদ : ভিপি পদে জামালুদ্দিন মুহাম্মাদ খালিদ, জিএস পদে মো. আবু সায়াদ বিন মাহিন সরকার, এজিএস পদে ফাতেহা শারমিন এ্যানি।
অপরাজেয় ৭১-অদম্য ২৪ (ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও বিসিএল সমর্থিত প্যানেল) : ভিপি পদে মো. নাইম হাসান হৃদয়, জিএস পদে এনামুল হাসান অনয় ও এজিএস পদে অদিতি ইসলাম।