চবি প্রতিনিধি প্রকাশিত: সোমবার , ৬ অক্টোবর , ২০২৫
ছয় দিনের শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে আবারও কোলাহলে মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। শিক্ষার্থীদের ফিরতি স্রোতে নবজীবন ফিরে পেয়েছে ক্যাম্পাস, প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে চাকসু (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনের প্রচারণা।
রোববার (৫ সেপ্টেম্বর) সারাদিন জুড়ে শাটল ট্রেন, রেলস্টেশন, অনুষদ ভবন, শহীদ মিনার ও ঝুপড়ি ক্যাফেগুলোতে প্রার্থীদের ব্যস্ততা চোখে পড়েছে। কেউ হাসিমুখে প্রচারপত্র বিলি করছেন, কেউ আবার চায়ের আড্ডায় কুশল বিনিময়ে ব্যস্ত।
২৮ সেপ্টেম্বর থেকে পূজার ছুটির কারণে ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। ফলে গত সপ্তাহে প্রার্থীরা ‘হাতে-কলমে’ প্রচারণা চালাতে পারেননি। তাঁরা তখন সীমিত আকারে আবাসিক হল ও ক্যাম্পাস-সংলগ্ন কটেজে ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখেন। ছুটি শেষে শিক্ষার্থীরা ফেরায় রোববার থেকে পুরো দৃশ্যপট পাল্টে গেছে—নির্বাচনী উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাসে।
দুপুরে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন রূপ নেয় শিক্ষার্থীদের মিলনমেলায়। একের পর এক শাটল ট্রেন ছাড়ার সময় প্রার্থীদের প্রচারণায় মুখর ছিল পুরো এলাকা। স্টেশন চত্বরে প্রচারণাকালে ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী চৌধুরী তাসনীম জাহানের সঙ্গে কুশল বিনিময় করেন ছাত্রদল-সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন।
দুজনেই বলেন, “খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণা চলছে। সবাই ভোটারদের কাছে যাচ্ছেন, ভালো সাড়া পাচ্ছেন।”
ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী সাঈদ বিন হাবিবও জানান, “ছুটি শেষে শিক্ষার্থীরা ফিরছেন, আমরাও প্রচারণায় নতুন উদ্যমে মাঠে নেমেছি।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন চাকসু ও হল সংসদ নির্বাচন আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৩টি প্যানেল। প্রার্থী সংখ্যা ৯০৭ জন, আর ভোটার ২৭ হাজার ৫১৮ জন—যার মধ্যে ১৬ হাজার ১৮৪ জন ছাত্র এবং ১১ হাজার ৩২৯ জন ছাত্রী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ছুটি শেষে প্রার্থীদের সরব উপস্থিতিতে চবি এখন এক উৎসবমুখর নির্বাচনী আবহে।