জাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ১৮ মার্চ , ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৪ থেকে ১৭ জুলাই আন্দোলনকারীদের উপর হামলায় মদদ দেওয়ার ঘটনায় ৯ জন শিক্ষক ও আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় ২৮৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এছাড়া আরও ১০ শিক্ষকের সংশ্লিষ্টতা ও অপরাধের মাত্রা বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার জন্য স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে৷
সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় সিন্ডিকেট সভা শুরু হয়ে রাত ১টায় শেষ হয়। প্রায় চৌদ্দ ঘন্টাব্যাপী চলা বিশেষ সিন্ডিকেট সভা শেষে (১৮ মার্চ) রাত ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব সিদ্ধান্ত জানান সিন্ডিকেটের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
ছাত্রলীগের হামলায় মদদদাতা ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ১০ শিক্ষকের বিষয়ে স্ট্রাকচার্ড কমিটি গঠন :
তদন্ত কমিটির প্রতিবেদন মোতাবেক জুলাই গণঅভ্যুত্থানে জাবিতে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় মদদ দেয়ার অভিযোগে ৯ জন শিক্ষককে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করে অধিকতর তদন্তের জন্য স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন- সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, সাবেক প্রক্টর অধ্যাপক আলমগীর কবির, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের (বর্তমানে ৬ং ছাত্রহল, গতকালের সিন্ডিকেট সভায় শেখ পরিবারের নামে ৪টি হলের নাম স্থগিত করা হয়) তৎকালীন প্রাধ্যক্ষ ইস্রাফিল আহমেদ রঙ্গন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী ইকবাল, সমাজবিজ্ঞান অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক বশির আহমেদ, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ. স. ম. ফিরোজ-উল-হাসান, ইতিহাস বিভাগের অধ্যাপক ও শেখ হাসিনা (বর্তমানে ৬ং ছাত্রী হল) হলের তৎকালীন প্রাধ্যক্ষ হোসনে আরা, বাংলা বিভাগের অধ্যাপক ও রবীন্দ্রনাথ ঠাকুর হলের তৎকালীন প্রাধ্যক্ষ নাজমুল হোসেন তালুকদার, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক ও শেখ রাসেল হলের (বর্তমানে ২১ নং ছাত্র হল) প্রাধ্যক্ষ তাজউদ্দীন শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে৷
এছাড়াও ১৫-১৭ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ১০ জন শিক্ষকের সংশ্লিষ্টতা ও অপরাধের মাত্রা বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার জন্য স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে৷
তারা হলেন- অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক কানন কুমার সেন, ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) সহকারী অধ্যাপক পলাশ সাহা, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শফি মোহাম্মদ তারেক, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জহিরুল ইসলাম খোন্দকার, অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মনির উদ্দিন শিকদার, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছায়েদুর রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক আনোয়ার খসরু পারভেজ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মহিবুর রৌফ শৈবাল, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন৷
জুলাই আন্দোলনে হামলার ঘটনায় জাবি ছাত্রলীগের ২৮৯ জন সাময়িক বহিষ্কার :
জুলাই আন্দোলন চলাকালীন ১৪ থেকে ১৭ জুলাই তারিখে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে শনাক্ত হওয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ২৮৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায়৷ তবে সাময়িক বহিষ্কৃত ছাত্রলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নাম-পরিচয় দ্রুততম সময়ের মধ্যে প্রকাশের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।
ছাত্রলীগের বহিষ্কৃতদের জন্য ৩ ধরণের শাস্তি :
ছাত্রলীগের ২৮৯ জন শিক্ষার্থীকে ৩ ধরনের শাস্তির আওতায় এনেছে সিন্ডিকেট।
★ এদের মধ্যে হামলায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদের সনদপত্র স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
★ এছাড়া স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছেন এমন শিক্ষার্থীদের ফলাফল স্থগিত বা বিশেষ ক্ষেত্রে সনদপত্র স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
★ এছাড়া নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জুলাই হামলায় সংশ্লিষ্টতার দায়ে জাবির সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের পেনশন স্থগিত:
বিশ্ববিদ্যালয়ের দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ এর আওতায় অবসরপ্রাপ্ত শিক্ষকরা-কর্মকর্তারা না পড়লেও বিশ্ববিদ্যালয়ের সাথে দায়ের কারণে অবসরপ্রাপ্তদের সংশ্লিষ্টতা যেখানে আছে সেখানে সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট৷ এরই প্রেক্ষিতে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার দায়ে জাবির তৎকালীন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসানের পেনশন তদন্ত কার্যক্রম ও বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷
জুলাই হামলার ঘটনায় ২ কর্মকর্তা ও ১ কর্মচারী সাময়িক বরখাস্ত:
জুলাই হামলার সংশ্লিষ্টতার ঘটনায় দুইজন কর্মকর্তা ও একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মকর্তারা হলেন নাহিদুর রহমান খান, রাজীব চক্রবর্তী। এছাড়াও এ ঘটনায় সশ্লিষ্টতার দায়ে একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারী হলেন তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ‘হল এটেন্ডডেন্ট’ মুহসিন।
১৫ জুলাইকে কালো দিবস ঘোষণা:
চব্বিশের গণ অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ১৫ জুলাই সন্ধ্যায় ও মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বর্বরোচিত হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট দিনটিকে কালো দিবস হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।