শাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ২৪ জুন , ২০২৫
ধর্ষণের অভিযোগের মামলার আসামি হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) দুই ছাত্রকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী।
বহিষ্কৃত দুই ছাত্র হলেন শাবির সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী স্বাগত দাস (পার্থ) ও শান্ত তারা (আদনান)।
সিন্ডিকেট সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি থেকে দুই ছাত্রের আজীবনের জন্য বহিষ্কারের সুপারিশ এসেছে। সিন্ডিকেটে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, গত ২ মে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মেসে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে সমাজবিজ্ঞান বিভাগের ওই দুই ছাত্রের বিরুদ্ধে। এ নিয়ে ১৯ জুন বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী।
এরপর সমাজবিজ্ঞান বিভাগের ওই দুই ছাত্রকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৩ জুন) আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।