কুবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৮ এপ্রিল , ২০২৫
গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, “ইহুদি রাষ্ট্র ইসরায়েল এই হামলা করে ফিলিস্তিন দখল নিতে চায়। আমাদের মুসলিম ভাই বোনদের উপর গণহত্যা চালিয়ে এই ভূমি দখলের নীলনকশা কখনও পৃথিবীর মুসলিম সফল হতে দিবে না। মুসলিম জাতি হিসেবে আমরা আমাদের ভাই বোনদের রক্ষায় প্রয়োজনে হাসতে হাসতে জীবন দিব।”
শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজ রহমান শুভ বলেন, “ফিলিস্তিনের গাজা ও রাফায় মুসলিম নিধনের জন্য ন্যাক্কারজনক গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। আমেরিকার সহায়তায় এই গণহত্যা ও ফিলিস্তিন দখলের ষড়যন্ত্র কোনোভাবেই পৃথিবীর কোন মুসলমান বেঁচে থাকতে মেনে নিবে না।”
তিনি বলেন, “আল-আকসা ও ফিলিস্তিনের জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত, আল আকসা রক্ষায় শত শত কোটি মুসলিম জীবন বিলিয়ে দিব অনায়াসে।”
অনতিবিলম্বে ইসরায়েলকে এই গণহত্যা বন্ধসহ ফিলিস্তিনের ভূমি ত্যাগ করার আহ্বান জানান কুবি সদস্য সচিব।
বক্তব্যে সম্প্রতি ভারতে মুসলমান-বিরোধী ‘ওয়াকফ বিল’-এর প্রতিবাদ জানিয়ে শুভ বলেন, অতি দ্রুত ভারতের পার্লামেন্টে বিলটি বাতিল করতে হবে।