ঢাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ১৮ নভেম্বর , ২০২৫
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাঁর সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড তৈরি ও পোস্ট করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) রাতে তার বাসার সামনে ঢাবির প্রক্টরিয়াল টিম ও বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী জড়ো হন। পরে শাহবাগ থানার পুলিশ সেখানে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর আজ দুপুরে জানান, সন্ত্রাসবিরোধী আইনের আগের একটি মামলায় লাভলুর সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে।
আটকের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রচার করেন লাভলু। সেখানে তিনি দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি এবং শেখ হাসিনা দেশে ফিরে আসবেন বলে বিশ্বাস করেন।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, ছাত্রজীবনে লাভলু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
এ ঘটনার পর ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন–বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, তাঁরা লাভলুকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। পাশাপাশি তিনি বলেন, গণহত্যায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধেও একই অবস্থান বজায় থাকবে এবং কারও প্রতি ‘তোষামোদ’ বা ক্ষমতার লোভ দেখালে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ড মামলার রায় ঘোষণা করে। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।