জবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ২৪ এপ্রিল , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ আগামী ১৫ মে’র মধ্যে ঘোষণাসহ ৪ দফা দাবিতে বুধবার (২৩ এপ্রিল) উপাচার্য বরাবরে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
তাদের বাকি তিন দাবি হলো :
এক. ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করা।
দুই. দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে’র মধ্যে শুরু করা।
তিন. বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ১৫ দিন অন্তর দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি মুক্তমঞ্চে ব্রিফ করার বাধ্যবাধকতা আরোপ।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পার হলেও শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করা হয়নি। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় তা ‘চরম বৈষম্যমূলক’ উল্লেখ করে তারা বলেন, এটি শিক্ষার্থীদের শিক্ষা, নিরাপত্তা ও মানবিক চাহিদার পরিপন্থি।
শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে চলমান শান্তিপূর্ণ আন্দোলন আরও বেগবান হবে এবং তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।
উল্লেখ্য, আবাসন সংকট ও দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরেই জবি শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। এর আগে বিভিন্ন সময় তারা মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।