যবিপ্রবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১৬ এপ্রিল , ২০২৫
ধর্ষণে অভিযুক্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সুজন চৌধুরীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৬ এপ্রিল) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুজন চৌধুরীর বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ এবং বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশ অনুযায়ী বিষয়টি গুরুতর হওয়ায় যবিপ্রবি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সাধারণ আচরণ, শৃঙ্খলা ও আপীল সংক্রান্ত বিধি এর ২ (ঙ) এবং ৫ (ড) অনুযায়ী শিক্ষকের নৈতিকতা, দায়িত্ববোধ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির পরিপন্থি বিধায় বিধি- ১৫ (১) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের চাকুরি থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একইসাথে সাময়িক বরখাস্তকালীন সময়ে সকলের নিরাপত্তার স্বার্থে সুজনকে প্রশাসনিক, একাডেমিকসহ বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য এবং কর্মস্থলে না আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
যবিপ্রবি শিক্ষক সুজন চৌধুরীর বিরুদ্ধে সম্প্রতি ধর্ষণ মামলা হয়েছে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে। তাকে উপযুক্ত শাস্তি ও বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগীে এক নারী। গত জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুথানের বিরোধিতা ও অবমাননার অভিযোগ রয়েছে সুজন চৌধুরীর বিরুদ্ধে।