প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৪ মার্চ , ২০২৫
সাইবার অপরাধ। বিশ্বব্যাপী একটি বড় ও ব্যয়বহুল সমস্যা। এ অপরাধের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি ২০২০ সাল থেকে প্রতি বছর ১৫ শতাংশ হারে বাড়ছে।
সাইবারসিকিউরিটি ভেঞ্চারস নামক একটি গবেষণা সংস্থার পূর্বাভাস বলছে, ১০ বছর আগেও এ ব্যয় ছিল ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ কোটি ডলার, যা চলতি বছর ১০ দশমিক ৫ ট্রিলিয়ন বা ১০ লাখ ৫০ হাজার কোটি ডলারে পৌঁছতে পারে। এ ক্ষতির পরিমাণ প্রাকৃতিক দুর্যোগের তুলনায় অনেক বড় হবে।
সাইবার অপরাধের কারণে ক্ষয়ক্ষতির আনুমানিক খরচ অতীতের এ-সংক্রান্ত তথ্যের ওপর ভিত্তি করে হিসাব করা হয়েছে বলে জানিয়েছে গবেষণা সংস্থাটি।
এর মধ্যে কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, যেমন সাম্প্রতিক বছরে সাইবার হামলা বেড়ে যাওয়া, অপরাধী গোষ্ঠীর হ্যাকিং কার্যক্রমের ব্যাপক বৃদ্ধি এবং ২০২৫ সালে সাইবার হামলার লক্ষ্যবস্তু আজকের তুলনায় অনেক বেশি বেড়ে যাওয়া।
এ সবকিছু মিলিয়ে সাইবার অপরাধের প্রবণতা চলতি বছর আরও ভয়াবহ হয়ে উঠবে বলে ধারণা সংশ্লিষ্টদের।