প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২৬ ফেব্রুয়ারি , ২০২৫
সুপারশপে কেনাকাটায় ক্রেতাদের এখন থেকে পাঁচ বা সাড়ে সাত শতাংশ বাড়তি মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হবে না।
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ সংক্রান্ত নতুন আদেশের ফলে পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য হিসেবে যা লেখা থাকবে তা পরিশোধ করলেই হবে।
এনবিআরের মূসক আইন ও বিধি শাখার নির্দেশনায় বলা হয়, সুপারশপগুলোতে সর্বোচ্চ খুচরা মূল্যে (এমআরপি) পণ্য সরবরাহ করা হলে, ওই মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ভ্যাট বাবদ অতিরিক্ত অর্থ ভোক্তার কাছ থেকে আদায়ের সুযোগ নেই।
এছাড়া ১৫ শতাংশ হারে ভ্যাট প্রদানকারী সুপারশপগুলো আইনের অন্যান্য বিধানাবলি পরিপালন সাপেক্ষে উপকরণ কর রেয়াত গ্রহণ করতে পারবে। তবে ৭.৫ শতাংশ হারে ভ্যাট প্রদান করা হলে সেক্ষেত্রে রেয়াত গ্রহণের আইনগত সুযোগ নেই।
এত দিন ধরে সুপারশপে কেনাকাটা করার সময় কখনো দেড় শতাংশ, কখনো দুই শতাংশ, কখনো বা পাঁচ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। সর্বশেষ বাজেটের সময় সুপারশপের কেনাকাটার ওপর সাড়ে সাত শতাংশ হারে ভ্যাট ধার্য করা হয়। ।