জাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ম্যুরাল ভেঙে দিয়েছে একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী।
বুধবার রাত সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং শেখ হাসিনা হলের সামনে থাকা তার ম্যুরাল ভেঙে ফেলেন শিক্ষার্থীরা। এছাড়া মুছে ফেলা হয় আল-বেরুনি হলের দেয়ালের আঁকা বঙ্গবন্ধুর গ্রাফিতি।
রাত ২টায় শিক্ষার্থীরা খুলে ফেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক।
এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ চলাকালে ‘মুজিববাদ, মুর্দাবাদ’; ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন তারা।
জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহিয়া জিসান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে লাইভ করছে। এই ফ্যাসিস্ট দেশবাসীকে ম্যাসেজ দিতে চায় সে আবার ফিরে আসবে। ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কিন্তু আমরা এ ষড়যন্ত্র মেনে নেবো না।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, যে মুজিবকে কেন্দ্র করে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে, সেই মুজিবের স্মৃতি চিহ্ন আমরা রাখতে চাই না। আমরা এর মাধ্যমে এই বার্তাও দিতে চাই যে, আর কেউ যদি হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে উঠে তাদেরও এই অবস্থা হবে।