জবি প্রতিনিধি প্রকাশিত: সোমবার , ২৫ আগস্ট , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালা চূড়ান্তকরণ ও রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তির দাবিতে প্রশাসনিক ভবন তালাবদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২৪ আগস্ট) দুপুর ৩টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে সেখানে অবস্থান নেন। এর আগে দুপুর ১২টার দিকে তারা উপাচার্যের কক্ষের সামনে ‘ব্রেক দ্য সাইলেন্স’ কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন,
“আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছি। মে মাসের মধ্যে জকসু নীতিমালা প্রণয়নের প্রতিশ্রুতি ছিল, কিন্তু প্রশাসনের অদক্ষতায় তা হয়নি। আমরা বিশেষ সিন্ডিকেট ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার দাবি জানিয়েছিলাম। যেহেতু তা হয়নি, তাই বাধ্য হয়েই আমরা আন্দোলনে নামলাম। এখন থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ভিসি ভবনে অবস্থান করব।”
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জবির সদস্যসচিব শাহিন মিয়া বলেন,
“আমরা এক বছরেরও বেশি সময় ধরে জকসুর দাবি জানাচ্ছি। দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত আমরা ভিসি ভবন ছাড়ব না।”
ইসলামী ছাত্রশিবির জবির সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, “প্রশাসনের নীরবতা ভাঙতেই এ কর্মসূচি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো কেন দীর্ঘদিন আটকে রাখা হচ্ছে, তা প্রশাসনকে জানাতে হবে।”
এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। তাদের দাবি যৌক্তিক। জকসুর চূড়ান্ত নীতিমালা এখনো হাতে না এলেও কমিটি কাজ করছে। আশা করছি শিগগিরই তা হাতে পাব।”
তিনি আরও জানান, “নীতিমালা হাতে পেলে মঙ্গলবার সিন্ডিকেট মিটিং করে অনুমোদন দেওয়া হবে। এরপর বুধবার বা বৃহস্পতিবারই তা ইউজিসিতে পাঠানো হবে। অধ্যাদেশ এলেই জকসুর রোডম্যাপ ঘোষণা করা সম্ভব হবে।”