প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২৬ জুন , ২০২৫
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে কোনো আইনগত বাধা নেই দাবি করে বিবৃতি দিয়েছেন সুপ্রিম কোর্টের ১০১ জন আইনজীবী।
তাদের পক্ষে অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলী ও অ্যাডভোকেট লাবাবুল বাসারের সই করা বিবৃতিতে বুধবার (২৫ জুন) এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে আইনজীবীরা উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানের ৪(৩) অনুচ্ছেদ, The Bangladesh National Anthem, Flag and Emblem Order, 1972-এর ধারা ৪, এবং Bangladesh National Emblem Rules, 1972-এর বিধি ৩ অনুযায়ী ‘শাপলা’ প্রতীক বরাদ্দে কোনো আইনগত বাধা নেই।
তারা বলেন, জাতীয় প্রতীক হিসেবে যে শাপলার নকশা নির্ধারিত, সেটি ১৯৭২ সালের অর্ডার ও বিধিমালায় বর্ণিত। সেই প্রতীকে শাপলা ফুল ছাড়াও ধানের শীষ, পাটপাতা ও তারা রয়েছে। ফলে শাপলা জাতীয় প্রতীকের একটি মাত্র উপাদান।
তারা আরও বলেন, বিএনপিকে ‘ধানের শীষ’ ও জেএসডিকে ‘তারা’ প্রতীক বরাদ্দ দেওয়ার নজির রয়েছে। এ ছাড়া ‘কাঁঠাল’ (জাতীয় ফল) এবং ‘সোনালি আঁশ’ প্রতীকও নিবন্ধিত দলের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে।
অতএব, জাতীয় ফুল হিসেবে শাপলা প্রতীক চাওয়া হলেও তা বরাদ্দে কোনো সাংবিধানিক বা আইনগত বাধা নেই বলে মত দিয়েছেন তারা।