Campus Mirror প্রকাশিত: শনিবার , ৮ ফেব্রুয়ারি , ২০২৫
বিশেষায়িত বেসরকারি বিশ্ববিদ্যালয় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর দ্বিতীয় সমাবর্তন শনিবার (০৮ ফেব্রুয়ারি) পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম থেকে উত্তীর্ণ মোট দুই হাজার ৭৩১ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়।
পোশাক রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএর পক্ষ থেকে ট্রাস্ট্রের মাধ্যমে পরিচালিত এই বিশ্ববিদ্যালয়টিতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক উৎপাদন ও বিপণন সংক্রান্ত বিভিন্ন কর্মমুখী বিষয়ে স্নাতক ডিগ্রি দেওয়া হয়।
রাষ্ট্রপতি ও বিইউএফটি’র চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সমাবর্তনে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ডিগ্রি প্রদান করেন। ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান এবং শিল্পপতি কিহাক সাং সমাবর্তন বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আইয়ুব নবী খান।
এছাড়াও বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. মশিউল আজম (সজল) এবং মোহাম্মদ নাছির বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ।
সর্বোচ্চ সিজিপিএ অর্জনের ভিত্তিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ৭ জন এবং অ্যাপারেল স্টাডিজ অনুষদের ১ জন শিক্ষার্থী চ্যান্সেলর’স গোল্ড মেডেল অর্জন করেন।
এছাড়াও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ৪ জন এবং অ্যাপারেল স্টাডিজ অনুষদের ১ জন শিক্ষার্থী চেয়ারম্যান’স গোল্ড মেডেল অর্জন করেন।
ভাইস চ্যান্সেলর’স গোল্ড মেডেল পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ৪ জন, অ্যাপারেল স্টাডিজ অনুষদের ৩ জন, ফ্যাশন স্টাডিজ অনুষদের ২ জন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ২ জন শিক্ষার্থী।
ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফারিয়া আফরিন ভ্যালেডিক্টরিয়ানের বক্তব্য প্রদান করেন।
এ সময় একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি ও কর্পোরেট উচ্চপদস্থ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।