প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১২ জানুয়ারী , ২০২৫
আবাসন সংকট দূরীকরণে ঢাকা বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্ম হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে দেখা করে নিজেদের অবস্থান তুলে ধরে ছাত্রদল।
ছাত্রীদের জন্য নতুন হল নির্মাণের পাশাপাশি ছাত্রদের জরাজীর্ণ হলগুলো সংস্কারের আহ্বান জানায় ছাত্রদল নেতারা। ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ অন্যান্য নেতারা এসময় উপস্থিত ছিলেন।
উপাচার্যের হাতে জমা দেওয়া আবেদনে বলা হয়, দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে সংযুক্ত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন কর্মসূচির মাধ্যমে ছাত্রী হলগুলোতে আবাসন সংকট নিয়ে সবার মনোযোগ আকর্ষণ করে এই সমস্যার সমাধান দাবি করেছেন।
পতিত ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসানের পরে বর্তমানে সম্পূর্ণ বৈধ উপায়ে হলের সিট বরাদ্দ দেওয়া হলেও ছাত্রী হলগুলোতে পর্যাপ্ত সিট না থাকার কারণে এখনো অনেক ছাত্রীকে প্রথম বর্ষ পার হয়ে দ্বিতীয় বর্ষ সম্পন্ন করার পরেও হয় হলের গণরুমের বাজে পরিবেশে অথবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে মেস ও হোস্টেলে রুম ভাড়া করে থাকতে হচ্ছে। এর ফলে ভুক্তভোগী শিক্ষার্থীদের মানসিক, শারীরিক ও আর্থিক দুরবস্থার বিষয়টি বর্তমানে ঢাকা শহরের পরিবেশের প্রেক্ষাপটে বলাই বাহুল্য।
এছাড়াও বিগত সপ্তাহে হাজী মুহম্মদ মুহসীন হল, মাস্টারদা সূর্যসেন হল এবং সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ভবনগুলোর জরাজীর্ণ ভঙ্গুর অবস্থাটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমসমূহের মাধ্যমে সবার নজরে এসেছে। বিশেষ করে হাজী মুহম্মদ মুহসীন হলের ২০৪ নম্বর রুমের ছাদের পলেস্তারা ভেঙে পড়ে আবাসিক শিক্ষার্থী মাসুদ রানা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ১৮- ১৯ সেশন) মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হবার ঘটনাটি সবাইকে ১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবসের ব্যথাতুর ইতিহাস আবারও স্মরণ করিয়ে দিয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের ধারক বাহক হিসেবে একটি সত্যিকারের উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা ও আদর্শ শিক্ষার পরিবেশ প্রতিষ্ঠার স্বপ্ন লালন করে। আর সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ হবে বাংলাদেশ নামক রাষ্ট্রটি সৃষ্টির সুতিকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি সম্পূর্ণ আবাসিক ও সর্বোত্তম শিক্ষার পরিবেশ নিশ্চিতকৃত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা। আর একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ে উত্তম শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণের প্রথম শর্ত হলো শিক্ষার্থীদের খাদ্য ও আবাসনের কোনরূপ সংকট না থাকা। তাই বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসিক হল সংস্কার ও পুনঃনির্মাণের যে দাবি উত্থাপিত করেছে তার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণরূপে একমত পোষণ করছে।
এমতাবস্থায়, আমরা আশাবাদ ব্যক্ত করছি যে, আপনি ও আপনার নেতৃত্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের আবাসন সংকটের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে অতি দ্রুত সব রকমের আধুনিক সুবিধাসহ টেকসই স্থাপত্যগুণাবলী রক্ষা করে ছাত্রীদের জন্য একাধিক আবাসিক ভবন নির্মাণের সাথে সাথে সাময়িকভাবে সংকট মোকাবেলায় প্রয়োজনবোধে কিছু ভবন অধিগ্রহণ করে ছাত্রীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা অথবা ক্যাম্পাস সংলগ্ন এলাকায় তাদের আবাসন নিশ্চিত করার জন্য উপযুক্ত আর্থিক সহায়তা প্রদান করুন। তার পাশাপাশি আবাসিক ছাত্রদের জানমালের নিরাপত্তা বিবেচনায় জরাজীর্ণ ভবনসমূহ অতি দ্রুত সংস্কার ও প্রয়োজনবোধে পুনঃনির্মাণের বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন।