প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১৯ জুলাই , ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে সংঘাত ও প্রাণহানির পর গোপালগঞ্জ জেলায় জারি করা কারফিউ শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনা করেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে পরবর্তী সময়ে কারফিউ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হবে।
গত বুধবার (১৬ জুলাই) ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা হামলা চালায়। পরে এনসিপি কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর।
প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী সহিংসতায় অন্তত চারজন নিহত হন এবং অনেকেই আহত হন। আহতদের মধ্যে একজন পরে বৃহস্পতিবার রাতে হাসপাতালে মারা যান।
সহিংসতার দিন সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। এরপর বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দফায় কারফিউ জারি করা হয়।
পরিস্থিতি অপরিবর্তিত থাকায় বৃহস্পতিবার সন্ধ্যার পর কারফিউ অব্যাহত রাখা হয়। শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য সাময়িক বিরতি দিয়ে আবারও কারফিউ চলমান রাখে প্রশাসন।
সবশেষ শুক্রবার রাত ১১টার দিকে জানানো হয়, শনিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। তবে এরপর পুনরায় কারফিউ আরোপ করা হবে কি না, তা পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে জানানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।