সিকৃবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি , ২০২৫
উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধি লক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ১৪৯টি আসন বাড়ানো হয়েছে। একাডেমিক কাউন্সিলের ৪৭তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতক লেভেল-১ সেমিস্টার-১-এর আসন সংখ্যা ৪৩১ থেকে বাড়িয়ে ৫৮০-তে উন্নীত করা হয়। এ ছাড়া সভায় শিক্ষার্থীদের বিভিন্ন দাবি অনুমোদনের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
একাডেমিক কাউন্সিলের সভায় সভাপতিত্ব করেন উপাচার্য মো. আলিমুল ইসলাম।
তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার জন্য সবার সহযোগিতা চান।
একাডেমিক কাউন্সিলের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আসাদ-উদ-দৌলার সঞ্চালনায় আমন্ত্রিত সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ টি এম মাহবুব-ই-ইলাহী বক্তব্য দেন।