প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি , ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর গোলাম রহমানের নামে এর নামকরণ করা হয়েছে।
সিন্ডিকেটের ২৩০তম সভায় সর্বসম্মতিক্রমে নতুন নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
বুধবার ‘প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবন’ এর নামফলক উন্মোচন করা হয়। নামফলক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান নিজেই।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রথম উপাচার্য খুবির প্রারম্ভিক পথচলার নানা উল্লেখযোগ্য দিক তুলে ধরেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিন খোলা, আবাসিক হল ও প্রশাসনিক ভবন নির্মাণের স্মৃতিময় দিনগুলোর কথা স্মরণ করেন।
নতুন প্রজন্মের উদ্দেশ্যে প্রফেসর গোলাম রহমান বলেন, “তোমাদের আন্দোলনে মহাবিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এখন ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে। দেশ ও জাতির উন্নয়নে নিজেদের ভূমিকা রাখতে হবে।”
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের নতুনভাবে পথচলা সুগম হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভবনের নামে পরিবর্তন আনা হচ্ছে।
এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।