চবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ১৫ মার্চ , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাদের সম্মানে ইফতার আয়োজন করেছে শাখা ছাত্রশিবির।
শুক্রবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয় জাদুঘর প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম।
তিনি বলেন, ইফতারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাদের অংশগ্রহণ প্রমাণ করে ভিন্ন দল, মত ও আদর্শের হলেও আমরা সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং একসঙ্গে কাজ করতে আগ্রহী।
মুহাম্মদ ইব্রাহীম বলেন, ইসলামী ছাত্রশিবির বিশ্বাস করে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ, সম্মান ও সৌহার্দ্যের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব। তাই আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে আসছি।
উল্লেখ্য, ইফতার মাহফিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের শতাধিক নেতা উপস্থিত ছিলেন।