বাকৃবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ২৮ জুন , ২০২৫
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগে পাঁচ ছাত্রীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর মধ্যে তিন ছাত্রীর হলের আসন বাতিল করা হয়েছে। যাদেরকে শনিবারের (২৮ জুন) মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরও দুই ছাত্রীকে লঘুদণ্ড হিসেবে আর্থিক জরিমানাসহ সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।
র্যাগিংয়ের শিকার তাসনোভা হক বাকৃবির কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি তাপসী রাবেয়া হলে আবাসিক ছাত্রী।
র্যাগিংয়ের অভিযোগে হলের আসন বাতিল হওয়া ছাত্রীদের মধ্যে একজন কৃষি অনুষদের মারিয়া সুলতানা মীম; যার আসন এক বছরের জন্য বাতিল করা হয়েছে।
বাকি দুইজন একই অনুষদের ছাত্রী জোবায়দা জান্নাত সোহা ও আশিকা রুশদার; তাদের আসন ৬ মাসের জন্য বাতিল করা হয়।
আর্থিক জরিমানায় দণ্ডিত দুই ছাত্রী হলেন- তাজরিয়ান হাসান তূর্ণা ও শাহারা শারমিন লিজা।
তাপসী রাবেয়া হলের প্রভোস্ট ইসরাত জাহান শেলী শেলী জানান, গত ৩১ মে রাত পৌনে ২টার দিকে কৃষি অনুষদের প্রথম বর্ষের এক ছাত্রীকে র্যাগিংয়ের উদ্দেশ্যে অভিযুক্ত ছাত্রীরা হলের ছাদে ডেকেছিলেন।
ওই ছাত্রী ছাদে যেতে রাজি না হলে তাকে বারান্দায় ডেকে নিয়ে ভোর পর্যন্ত মানসিক নির্যাতন করার অভিযোগ ওঠে।
নির্যাতনের শিকার ওই ছাত্রী পরদিন সকালে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত পাঁচ ছাত্রীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয় প্রশাসন।
প্রভোস্ট আরও জানিয়েছেন, শুক্রবার সকালে অভিযুক্ত শিক্ষার্থীদের হাতে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। শনিবারের মধ্যে তারা হল ত্যাগ করবেন।