কুবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ১৮ এপ্রিল , ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবাসিক হলে রাত্রিযাপন করতে পারবেন।
বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের প্রভোস্ট স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ও অন্যান্য হল প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া ভর্তি পরীক্ষায় অংশ নিতে দূরদূরান্ত থেকে আগত যে সব শিক্ষার্থীর নিজস্ব আবাসনের ব্যবস্থা নেই, তারা হলে রাত্রিযাপনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট (প্রবেশপত্র বা পরিচয়পত্র) প্রদর্শন করে রেজিস্ট্রারে নাম অন্তর্ভুক্ত করতে হবে।
হল প্রশাসন কর্তৃক বলা হয়, ভর্তি পরীক্ষার সময় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।