প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ১৯ সেপ্টেম্বর , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে স্বতন্ত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন। এর মধ্যে অধ্যাদেশ জারি না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। এর আগে তারা স্লোগান দিয়ে আন্দোলনের পক্ষে মত প্রকাশ করেন।
শিক্ষার্থীরা বলেন, কেবল অধ্যাদেশ জারির মাধ্যমেই সাত কলেজের বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
তারা অভিযোগ করেন, যেসব শিক্ষক কখনো শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি, তারাই এখন উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। কিছু শিক্ষক কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মডেলেই রাখতে চাইছেন, যা সমস্যার সমাধান নয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ভয় দেখানো হচ্ছে—পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে ফল খারাপ করিয়ে দেওয়ার হুমকি দিয়ে তাদের আন্দোলন থেকে বিরত রাখার চেষ্টা চলছে।