ঢাবি প্রতিনিধি প্রকাশিত: সোমবার , ১৬ জুন , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের প্রাঙ্গণে কাঠবাদাম গাছের নিচ থেকে সাতটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ জুন) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ককটেলগুলো উদ্ধার করে নিয়ে যায়।
এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সকাল ছয়টার দিকে আইন অনুষদের সামনে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী ককটেলগুলো দেখতে পান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে জানান। পরে শাহবাগ থানা-পুলিশকেও জানানো হয়।
প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ঘটনার ফুটেজ তারা সিসিটিভিতে দেখেছেন। তিন সদস্যদ্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।