প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২৬ জানুয়ারী , ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সরকারের প্রায় সব ধরনের সহায়তা কার্যক্রম বন্ধের যে সিদ্ধান্ত দিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনরক্ষাকারী খাদ্য ও পুষ্টি সহায়তা কার্যক্রম তার আওতায় পড়বে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়।
সে কারণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
রোববার সরকারপ্রধানের দপ্তর থেকে এক বিবৃতিতে এই খবর জানান হয়।
সেখানে বলা হয়, ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা এদিন বিকালে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত উচ্চ প্রতিনিধি খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে এই ছাড়ের বিষয়ে অবহিত করেন।
মিয়ানমারের গৃহযুদ্ধ ও জাতিগত নিধন থেকে বাঁচতে ১০ লাখেরও
বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী কয়েক দশক ধরে বাংলাদেশের টেকনাফ সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান
করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় এসব শরণার্থীদের জীবিকা সহায়তা দিয়ে যাচ্ছে
বাংলাদেশ।