প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ১৮ জুলাই , ২০২৫
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রাজধানীতে আয়োজন করা হলো এক প্রতীকী ম্যারাথন। শুক্রবার (১৮ জুলাই) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে।
ম্যারাথনের উদ্বোধন করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “যাদের আত্মত্যাগে আমরা ফ্যাসিবাদ ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের স্মরণে আজকের এই প্রতীকী ম্যারাথন। জুলাই যোদ্ধাদের অবদান আমাদের পথ দেখায়। এই স্মৃতিকে ধারণ করেই সামনে এগিয়ে যেতে হবে।”
সকাল ৭টায় শুরু হওয়া এই ৫ কিলোমিটার দীর্ঘ প্রতীকী ম্যারাথনটি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে গণভবন, জাতীয় সংসদ ভবন, খামারবাড়ি হয়ে আবারও সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। এতে অংশ নেন জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা, শিক্ষার্থী, তরুণ ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং ক্রীড়াবিদরা।
ম্যারাথনের শুরুতেই জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ধীরে ধীরে দৌড় শুরু করেন অংশগ্রহণকারীরা। ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে আন্দোলনের চেতনা ও গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরা হয়।
ম্যারাথনে অংশ নেওয়া এক শহিদ পরিবারের সদস্য বলেন, “আমার ভাইয়ের স্মৃতি আজও তাজা। তার আত্মত্যাগের পথ ধরেই আমরা গণতন্ত্রের আলো দেখেছি। আজকের আয়োজন আমাদের সেই ত্যাগকে আরও গভীরভাবে স্মরণ করালো।”
আয়োজকরা জানিয়েছেন, এই প্রতীকী ম্যারাথন শুধুই একটি দৌড় নয়, বরং গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মকে ইতিহাসের চেতনায় উজ্জীবিত করার প্রতীক। এই ধারাবাহিকতা আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে।