ইবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ৮ নভেম্বর , ২০২৫
ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। শনিবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ড. কামাল উদ্দিন জসিম এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের যশোর জোনের প্রধান শফিউল আজম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এএমডি ড. কামাল উদ্দিন জসিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী।
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের এএমডি ড. কামাল উদ্দিন বলেন, “ইসলামী ব্যাংক ও ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হবে। আগে শিক্ষার্থীদের বিভিন্ন ফি পরিশোধে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হতো। আশা করছি, আগামী সপ্তাহ থেকেই তারা সব ধরনের পেমেন্ট ডিজিটালভাবে সম্পন্ন করতে পারবে।”
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাস্তবায়নের পথে বিশ্ববিদ্যালয় অগ্রসর হচ্ছে। ইসলামী ব্যাংকের সহযোগিতায় শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত এই সেবা এখন বাস্তবায়নের মুখে।”
চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিগগিরই শিক্ষার্থীরা ভর্তি, পরীক্ষার ফি, আবাসিক ও অন্যান্য ফি অনলাইনে পরিশোধ করতে পারবেন।