প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ৫ নভেম্বর , ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোটে না গিয়ে এককভাবে সর্বাধিক আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চলতি মাসের মধ্যেই দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের গোদনাইলে প্রয়াত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, “আমরা সারাদেশের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। তবে ফ্যাসিবাদবিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখা নেতাদের প্রতি সম্মান জানিয়ে কয়েকটি আসনে প্রার্থী দেব না।”
উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসনটি ফাঁকা রাখার বিষয়টি দলের যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রস্তাব হিসেবে বিবেচনায় আছে।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, “আমরা চাই এলাকার প্রকৃত জনপ্রিয়, সৎ ও সমাজমুখী মানুষ—শিক্ষক, ইমাম বা খেটে খাওয়া কর্মঠ ব্যক্তি—তাদের সংসদে দেখতে। টাকার জোরে বা গডফাদারগিরির রাজনীতি আমরা ভাঙতে চাই। এ কারণেই সর্বাধিক আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
জোট গঠনের প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক বা আদর্শিক সমঝোতার ভিত্তিতে জোট হতে পারে। জুলাই সনদের সংস্কার দাবিগুলোর সঙ্গে কোনো দল একমত হলে আমরা সংলাপ বা জোটে যেতে পারি। তবে আপাতত আমরা এককভাবেই এগোচ্ছি।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, এবং কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু প্রমুখ।