জাবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ৫ ফেব্রুয়ারি , ২০২৫
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।
জরুরি সভা শেষে মঙ্গলবার রাত সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ ঘোষণা দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, 'কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি সভায় পোষ্য কোটার সুবিধা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা পর্যালোচনার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।' এ ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু শিক্ষার্থী পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশনে বসেন। পরে উপাচার্যের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেন। মঙ্গলবার আবারও পোষ্য কোটা বাতিলে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এরপরই রাতে জরুরি সভায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অপরদিকে, পৌষ্য কোটা সংক্রান্ত সকল শর্ত বাতিল ও পুনরায় বহালের দাবিতে আজ (বুধবার) থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা বরাদ্দ থাকতো। এই কোটার মাধ্যমে ন্যূনতম নাম্বার পেয়েও বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের সন্তানরা ভর্তি হতে পারতেন।