ঢাবি প্রতিবেদক, কাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২৩ ফেব্রুয়ারি , ২০২৫
দেশেজুড়ে ধর্ষণ, ছিনতাই, ডাকাতির বাড়-বাড়ন্তের মধ্যে মধ্যরাতে মাঠে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি করছেন তারা।
শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে রোববার দিবাগত রাত আড়াইটায় জরুরি ব্রিফিং ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্রিফিংয়ের ঘোষণা আসার পর থেকে তার পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে।
রোববার রাতে বনশ্রী ও মোহাম্মদপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার পর রাত ১টায় বিক্ষোভ শুরু করেন ঢাবি শিক্ষার্থীরা।
বনশ্রীতে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ডাকাতির কথা জানিয়েছে পুলিশ। গুলির ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে।
বিক্ষোভকালে শিক্ষার্থীরা ‘জুলাইয়ের রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই’, ‘সারা দেশে অপরাধ কেন, প্রশাসন জবাব চাই’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘মা বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে’ প্রভৃতি স্লোগান দেয়।
কী ঘটেছিল বনশ্রীতে
এর আগে রোববার রাতে রাজধানীর বনশ্রী এলাকায় মো. আনোয়ার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
পুলিশের বরাতে প্রথম আলো জানিয়েছে, দোকান থেকে বাসায় ফেরার পথে তার ওপর হামলা হয়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ওই ব্যবসায়ীর দোকান বনশ্রী ডি ব্লকে। প্রতিদিন তিনি দোকান থেকে রাতে বাসায় ফেরেন। রোববার বাসায় যাওয়ার সময় তাকে তিনটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এ সময় তার কাছে থাকা স্বর্ণালংকার লুট করা হয়।
ওসি আতাউর রহমান আরও বলেন, মো. আনোয়ারকে লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি ছোড়ে এবং ছুরিকাঘাত করে। তার শরীরে গুলি ও কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র প্রথম আলোকে জানিয়েছে, আহত অবস্থায় মো. আনোয়ারকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। তার শরীরে চারটি গুলি লেগেছে।
আইন প্রয়োগে কঠোর হওয়ার হঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার
ঢাবিতে পদত্যাগ দাবির বিক্ষোভের মধ্যে জরুরি ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সন্ত্রাসীদের দমনে আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “সন্ত্রাসীরা কোথাও যেন দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করব।”
রাত ৩টায় বারিধারা ডিওএইচএসের বাসায় ওই ব্রিফিংয়ে তিনি বলেন, আগামীকাল থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশিল করার চেষ্টা করছে বলে অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এদেরকে কঠোর হস্তে দমন করা হবে।