কুয়েট প্রতিনিধি প্রকাশিত: সোমবার , ৫ মে , ২০২৫
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৭৪ দিন পর একাডেমিক কার্যক্রম রোববার (৪ মে) শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকরা ক্লাসে েফরেননি। সোমবারও কোনো ক্লাসে যাননি শিক্ষকরা।
শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন। ফলে কবে থেকে বিশ্ববিদ্যালয়ে পুরোদমে ক্লাস শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে কুয়েটের নবনিযুক্ত অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী সোমবার (৫ মে) সকাল ১০টায় অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে কুয়েটের ডিন, ছাত্র কল্যাণ পরিচালক ও রেজিস্টারের উপস্থিত থাকার কথা রয়েছে।
কুয়েটের রেজিস্টার প্রকৌশলী মো. আনিসুর রহমান ভুঞা বলেন, উপাচার্য শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সংকট নিরসনের চেষ্টা করছেন।
এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার বেলা ১১টায় সাধারণ সভা ডেকেছে শিক্ষক সমিতি।
সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারুক হোসেন বলেন, সভায় পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।