প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২ ফেব্রুয়ারি , ২০২৫
দেশ-জাতি তথা বিশ্বমানবের মুক্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
তাবলিগের শূরায়ে নেজামীর শীর্ষ মুরুব্বি মাওলানা কেফায়েত উল্লাহ বলেন, 'আজ রোববার সকাল ৯টায় আখেরি মোনাজাত শুরু হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।' সবাইকে মোনাজাতে অংশগ্রহণ করার অনুরোধ করেন তিনি।
আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ।
আখেরি মোনাজাত উপলক্ষ্যে আজ ভোর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুসল্লিদের ঢল নামে। ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মাঠের দূরত্ব ১০ কিলোমিটার। এই পুরো পথ হেঁটেই মুসল্লিদের আখেরি মোনাজাতে অংশ নিতে আসতে দেখা গেছে।
ইজতেমার মেডিক্যাল ক্যাম্প ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, 'এবার ২২টি চিকিৎসা কেন্দ্রে সেবা দেওয়া হচ্ছে।'