ঢাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ১৫ জুলাই , ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থানে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের সম্মান জানিয়ে এবং সন্ত্রাসবিরোধী ঐতিহাসিক প্রতিরোধ আন্দোলনের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটি বিশেষ দিবস ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই ঘোষণা দেন।
সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রাজু ভাস্কর্যে আয়োজিত ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানে উপাচার্য বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবছর ১৪ জুলাই ‘নারী শিক্ষার্থী দিবস’ এবং ১৭ জুলাই ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করবে। এই দিবসদ্বয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে।”
তিনি আরও বলেন, “নারীরা সেদিন যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন, এ ঘোষণা তারই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। তাদের ভূমিকাই আমাদের সন্ত্রাস ও জুলুমের বিরুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে।”
এই আয়োজনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে উদ্দীপনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। কেন্দ্রীয় শহীদ মিনারসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জুলাই অভ্যুত্থান বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। রাজু ভাস্কর্য, টিএসসি ও শামসুন্নাহার হলের সামনে স্থাপন করা হয় বড় পর্দা, যেখানে অডিও-ভিজ্যুয়াল ডিসপ্লে ও তথ্যচিত্র উপভোগ করেন শিক্ষার্থীরা।
সাম্প্রতিক ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় স্মরণে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা ও ড্রোন শোর মাধ্যমে অনুষ্ঠানটি আরও বর্ণিল করে তোলা হয়।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই দুই দিবস একটি নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করেন শিক্ষার্থীরা ও সংশ্লিষ্টরা।