বেরোবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ১৭ জুলাই , ২০২৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হলসহ বিভিন্ন ভবনের দেয়ালে লেখা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা ফিরবে’সহ নানা রাজনৈতিক স্লোগানের প্রতিবাদে গভীর রাতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
প্রধান ফটক থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুখতার এলাহী হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের শীর্ষ নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তীব্র সমালোচনা করেন।
সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহান সুমন, কেন্দ্রীয় নেতা রহমত আলী ও শাহরিয়ার সোহাগ।
তারা অভিযোগ করে বলেন, “শহীদ আবু সাঈদের শাহাদতের বর্ষপূর্তির রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ভবনের দেয়ালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ রাজনৈতিক দেয়াল লিখন করেছে, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের চোখের সামনেই ঘটেছে।”
ছাত্র আন্দোলনের এক নেতা বলেন, “আমরা শহীদ আবু সাঈদের কবর ছুঁয়ে শপথ করে এসেছি—শেখ হাসিনা যদি ফিরে আসে, তা হবে শুধুই ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে। যারা তার নামে দেয়ালে লিখেছে, তারা যদি প্রশাসনের সহায়তায় পার পেয়ে যায়, তাহলে ছাত্রসমাজ নিজেই তাদের খুঁজে বের করবে।”
সমাবেশ থেকে শিক্ষার্থীরা স্লোগান দেন, “নিষিদ্ধ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ”, “ছাত্রলীগের আস্তানা—এই ক্যাম্পাসে হবেনা”, “ফ্যাসিবাদ নিপাত যাক”, ইত্যাদি।
ঘটনার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।