প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি , ২০২৫
রংপুর, জামালপুর ও গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নাম সংযুক্ত করে গড়ে উঠা পল্লী উন্নয়ন একাডেমিগুলোর নাম থেকে শেখ মুজিব পরিবারের সদস্যদের নামের অংশটুকু বাদ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ২২তম বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নাম সংশোধন সংক্রান্ত তিনটি প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন অন্যান্য সমধর্মী প্রতিষ্ঠান, যেমন- পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া; বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর নামের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে নামকরণের উদ্দেশ্যে ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর’- এর নাম পরিবর্তন করে ‘পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর’ করার লক্ষ্যে ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে উপদেষ্টা পরিষদ-বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
বিজ্ঞপ্তির ভাষ্য অনুযায়ী, একইভাবে ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড), গোপালগঞ্জ’-এর নাম পরিবর্তন করে ‘পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ’ করা হচ্ছে। এলক্ষ্যে ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে উপদেষ্টা পরিষদ বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর’-এর নাম পরিবর্তন করে ‘পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর’ করা হচ্ছে। সেলক্ষ্যে ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে উপদেষ্টা পরিষদ বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন সরকারি অবকাঠামো ও স্থাপনা থেকে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নাম সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। বুধবার অকস্মিক এক ঘোষণায় অভ্যুত্থানের পক্ষ শক্তি হিসাবে পরিচিত একদল ছাত্র জনতা সারাদেশে শেখ মুজিব পরিবার ও আওয়ামী লীগের পরিচিতি নেতাদের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।
দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতের মাটিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভুত্থানের জনশক্তি ও সরকারকে হুমকি-ধমকি ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার প্রতিক্রিয়ায় এই ধরনের ভাংচুর চলছে বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে মন্তব্য করা হয়েছে।
বৈঠকে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সাথে আলোচনা করে মন্ত্রিপরিষদ বিভাগ ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫’ পরিমার্জন করে উপদেষ্টা পরিষদ-বৈঠকে উপস্থাপন করবে বলে সিদ্ধান্ত হয় বৈঠকে।
এছাড়া ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যন্স-২০২৫ এর খসড়াও বৈঠকে চূড়ান্ত ও নীতিগত অনুমোদন পায়। উপদেষ্টা পরিষদ-বৈঠকে প্রয়োজনীয় সংশোধনীসহ লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়া অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন করা হয়।