প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১ জুন , ২০২৫
পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশে গুমের শিকার হয়েছেন ৭৩০ জন। এই তথ্য মানবাধিকার সংস্থা অধিকারের।
তথ্য অনুযায়ী, গুমের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ৮৩ জন। অন্যদিকে গুমের শিকার হওয়া ১৬২ জন এখনো ফেরত আসেননি।
আওয়ামী লীগের শাসনামলে (২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট) দেশে সংঘটিত গুমের ঘটনাগুলোর তথ্য যাচাই করেছে অধিকার।
যাচাই করা তথ্য শনিবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে ‘গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর’ শীর্ষক এক আলোচনা সভায় প্রকাশ করেছে তারা।
সভায় মূল প্রবন্ধ পড়েন অধিকারের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা তাসনীম ফাহমিনা। তার প্রবন্ধে গুমের শিকার ব্যক্তির সংখ্যাসহ অন্যান্য তথ্য তুলে ধরা হয়।
সভায় আলোকচিত্রী শহিদুল আলম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম–সংক্রান্ত একটি ছবি প্রকাশ করার কারণে তাকে এবং তার প্রতিষ্ঠানে (দৃক) কর্মরতদের র্যাব সদস্যরা নানাভাবে ভয় দেখাতেন।
গুম থেকে ফেরত আসা সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ও আইনজীবী আহমাদ বিন কাসেম (আরমান) সভায় বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন অধিকারের সভাপতি তাসনিম সিদ্দিকী।