জাবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ২৯ জুন , ২০২৫
শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২তম বার্ষিক সিনেট অধিবেশন থেকে বের হয়ে গেছেন তিন শিক্ষক। শনিবার (২৮ জুন) বেলা সাড়ে ৩টায় সভা শুরুর আগেই শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে তারা সভাস্থল ত্যাগ করেন।
ওই তিন শিক্ষক হলেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক মো. শফিক-উর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাস।
তারা সবাই জাবি ক্যাম্পাসে আওয়ামীপন্থি শিক্ষক বলে পরিচিত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছিল। আমরা তাদের নিরাপদে গাড়িতে উঠিয়ে দিয়েছি।
এর আগে শুক্রবার (২৭ জুন) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে শিক্ষার্থীরা সিনেট সভায় আওয়ামীপন্থি সদস্যদের দাওয়াতের প্রতিবাদ জানান।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্র জানিয়ে, সিনেট সদস্য হিসাবে যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ এবং গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রতিনিধি মোতাহার হোসেন মোল্লাকে দাওয়াত দেওয়া হয়েছিল।
এছাড়া দাওয়াতপ্রাপ্তদের মধ্যে ছিলেন অধ্যাপক শরীফ এনামুল কবির, লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, তপন কুমার সাহা, শফিক উর রহমান, এএ মামুন, শাহেদুর রশিদ, অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান ও জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী জামিল। কিন্তু তাদের সভায় উপস্থিত হতে দেখা যায়নি।
এদিকে, কোরাম পূর্ণ না হওয়ায় নির্ধারিত সময়ে সিনেট অধিবেশন শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পূর্বঘোষণা অনুযায়ী বেলা তিনটা থেকে সিনেট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মোট ৯৩ জন সিনেট সদস্যের মধ্যে নির্ধারিত সময়ে ৩০ জন উপস্থিত না হওয়ায় বিকেল চারটায় সিনেট অধিবেশন শুরু করে কর্তৃপক্ষ।