প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ৩ আগস্ট , ২০২৫
রাজধানী ঢাকায় আজ রোববার (৩ আগস্ট) দুটি রাজনৈতিক সমাবেশ ও একটি সাংস্কৃতিক আয়োজনের কারণে কিছু এলাকায় যান চলাচলে বড় ধরনের প্রভাব পড়তে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পৃথক দুটি জনসমাবেশ আয়োজন করেছে, পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে চলছে সাইমুম শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক উৎসব ‘জুলাই জাগরণ’।
ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে অনুষ্ঠিত হচ্ছে। এ সমাবেশ ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষ্যে আয়োজিত। অন্যদিকে, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ করছে এনসিপি।
এছাড়া ১ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ‘জুলাই জাগরণ’ নামের কালচারাল ফেস্ট।
এই দিনে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এইচএসসি ও বিসিএস পরীক্ষাও রয়েছে। এ কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ট্র্যাফিক নির্দেশনা জারি করেছে।
শনিবার (২ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নগরবাসীকে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন এলাকা এড়িয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেওয়া হয়।
যানবাহনের জন্য বিকল্প পথ হিসেবে সোনারগাঁও, বাংলামোটর, হেয়ার রোড, মিন্টো রোড, কাঁটাবন, নীলক্ষেত, হাতিরপুল, হাইকোর্ট ও মগবাজার হয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, দুই সমাবেশ ও অনুষ্ঠানকে ঘিরে টিএসসি, শাহবাগ, শহীদ মিনার ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। তৃতীয় পক্ষের নাশকতা ঠেকাতে এনসিপি ও ছাত্রদলকে নিজ নিজ কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম বলেন, “ঢাকাসহ সারাদেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি করা হচ্ছে।”
পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে প্রশাসন।