প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২ জুলাই , ২০২৫
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার এক মামলায় ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি-১)। ১১ মাস আগে ক্ষমতা ছেড়ে দেশান্তরী হওয়ার পর এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনার সাজা হল।
বুধবার (২ জুলাই) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে দেওয়া হয়েছে দুই মাসের কারাদণ্ড।
আদালতের আদেশে বলা হয়েছে, হাসিনা ও বুলবুলের এই কারাদণ্ড হবে বিনাশ্রম এবং তারা যেদিন আত্মসমর্পণ করবেন বা গ্রেপ্তার হবেন, সেদিন থেকে কার্যকর হবে।
গত বছর ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনা ও শাকিল আকন্দ বুলবুলের ফোনালাপ একটি অডিও ছড়িয়ে পড়ে। অডিও ক্লিপে শাকিল আকন্দ বুলবুলকে শেখ হাসিনা বলতে শোনা যায়–“আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।” তার এই কথাকে অবমাননাকর বলে মনে করেছে ট্রাইব্যুনাল।
পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে ‘সত্যতা’ পাওয়ার কথা জানায়।
এই প্রেক্ষাপটে গত ৩০ এপ্রিল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর শেখ হাসিনা ও শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন।
প্রসিকিউশন জানায়, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা নিজে উপস্থিত হননি কিংবা কোনো আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেননি। এ অবস্থায়, ট্রাইব্যুনাল এখন আইন অনুযায়ী সংশ্লিষ্টদের শাস্তি দিতে পারে।