প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ৩ মে , ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক এক শিক্ষার্থীর হামলায় সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি গুরুতর আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (৩ মে) রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
হামলাকারী শিক্ষার্থীর নাম আবদুল্লাহ নোমান। তিনি বাংলা ২০১৮ ব্যাচের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, কথাকাটাকাটির একপর্যায়ে শিক্ষক হাসান মাহমুদের গায়ে আঘাত করেন আবদুল্লাহ নোমান।
এদিকে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত নোমানকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করেন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
রাত ১টার দিকে ছাত্রদের বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন খুবি উপাচার্য অধ্যাপক রেজাউল করিম।
উপাচার্য বলেন, “আমি নির্বাক। শিক্ষকের গায়ে হাত তোলা একটি নিকৃষ্ট ও গর্হিত কাজ, যা চিন্তা করা যায় না। খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৫ বছরের ইতিহাসে এ ধরনের জঘন্যতম ঘটনা একটিও ঘটেনি। একজন শিক্ষককে লাঞ্ছিত করা মানে পুরো শিক্ষকসমাজকেই লাঞ্ছিত করা। হামলাকারীকে শাস্তির আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট থাকবে।”