ঢাবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ১৪ মে , ২০২৫
সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য নামে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাম্য স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন বলে সূত্রে জানা গেছে। তিনি সিরাগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা ফখরুল আলমের ছেলে।
মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাবির স্যার এ এফ রহমানের হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মাহফুজুল হক সুপণ এ তথ্য জানিয়েছেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, কয়েকজন সহপাঠী রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শাহরিয়ার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তি শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।